নিজস্ব সংবাদদাতা,আরএনবি: শনিবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ পূর্ব মেদিনীপুরের রাজাপুর থানার বেলতলা মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় এক বিপজ্জনক সড়ক দুর্ঘটনা। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ধাক্কা মারে একটি কন্টেনার। ধাক্কার শক্তিতে কন্টেনারটি প্রাইভেট গাড়িটিকে ঠেলে জাতীয় সড়কের ডিভাইডারের ওপর তুলে দেয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটিতে চালকসহ তিনজন আরোহী কলকাতা থেকে তাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বেলতলা সিগন্যালে গাড়িটি দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পিছন থেকে দ্রুতগতিতে আসা কন্টেনারটি ভারসাম্য হারিয়ে ধাক্কা মারে। প্রচণ্ড সংঘর্ষে প্রাইভেট কারটির পিছনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেলেও বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান তিন আরোহী। সৌভাগ্যবশত কেউই আহত হননি। ধাক্কার পরই আতঙ্কিত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে আসেন তাঁরা।
এই দুর্ঘটনার প্রভাব পড়ে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে। হঠাৎ যানজট তৈরি হওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজাপুর থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ। তারা একদিকে যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, অন্যদিকে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার ও কন্টেনারকে রাস্তার ধারে সরিয়ে ফেলা হয়। তাদের দ্রুত পদক্ষেপে কিছুক্ষণ পর স্বাভাবিক হয় যান চলাচল।
মানুষের ভিড়ের মধ্যেই চলতে থাকে উদ্ধার এবং যানচলাচল স্বাভাবিক করার কাজ। বড় ধরনের কোনো প্রাণহানি না হলেও দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

