পায়েল পাখিরা,বড়ঞা, মুর্শিদাবাদ: কান্দি মাস্টার প্ল্যান সংস্কার, অবৈধ বালিখাট বন্ধ, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রতিবাদে আজ বড়ঞা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় বিডিও অফিসের সামনে এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী।
এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-সন্ত্রাসের ঘটনা এবং প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। সরকারের উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।”
বিক্ষোভে মোট নয় দফা দাবি উত্থাপিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল—
১. কান্দি মাস্টার প্ল্যানের অধীনে দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করা
২. অবৈধ বালিঘাট ও বিএলও দালালচক্রের অবসান
৩. পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারি পরিচয়পত্র প্রদান
৪. বেহাল রাস্তার দ্রুত সংস্কার
৫. আবাস যোজনায় প্রকৃত গৃহহীনদের নাম অন্তর্ভুক্ত
৬. কৃষকদের ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ
৭. বার্ধক্য ও বিধবা ভাতা বৃদ্ধির দাবি
৮. বৈধ নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার নিশ্চয়তা
৯. স্থানীয় ভূমি অফিসে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা
জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী এই কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন, “মানুষের দাবি আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
বিক্ষোভ শেষে কংগ্রেস নেতারা বিডিও-র হাতে একটি স্মারকলিপি তুলে দেন। দলীয় সূত্রে জানা গেছে, দাবিগুলি যতক্ষণ না সরকার মানছে, ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বড়ঞা ব্লক কংগ্রেসের এই আন্দোলন রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যার ফলে বিডিও অফিস চত্বরে এক উৎসাহব্যঞ্জক পরিবেশ সৃষ্টি হয়।

