নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শনিবার ‘সেবাশ্রয়-২’ কর্মসূচি কুড়ি তম দিনে পদার্পণ করল। এই দিন বজবজের মডেল ক্যাম্পে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ঘুরে দেখে চিকিৎসা পরিষেবার খোঁজ নেন। স্বাস্থ্য শিবিরে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার অগ্রগতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়-২’ শুরু করেন। তাঁর এই সেবাশ্রয় কর্মসূচি বাংলা ও দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি বিরোধী রাজ্যগুলিও ডায়মন্ড হারবার মডেল অনুসরণ করতে চাইছে। অভিষেক বারবার বলেছেন, মানুষের উন্নয়ন ও সুস্থতার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন, আর কাজের মাধ্যমেই তিনি তা প্রমাণ করেছেন।
এবারের সেবাশ্রয়ে ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। শুক্রবার পর্যন্ত বজবজ ক্যাম্পে ৮৬৬৪ জনের চিকিৎসা হয়েছে। এর মধ্যে ৪৪৭৫ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। শিশু, মহিলা ও বয়স্কদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেউই চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন না।
সব মিলিয়ে ‘সেবাশ্রয়’ আবারও মানুষের মন জয় করেছে। এই মডেল অনুসরণ করে নৈহাটি এলাকাতেও সেবাশ্রয় শুরু হচ্ছে। গত ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার জুড়ে শুরু হওয়া সেবাশ্রয়-২ ক্যাম্পে মানুষের ভিড় চোখে পড়ার মতো। রোগী ও তাঁদের পরিবার অভিষেকের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করছেন।

