পায়েল পাখিরা, সংবাদদাতা, হাওড়া:- সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ওঠা এখন খুবই সাধারণ ঘটনা। কিন্তু কখনও কখনও এই সম্পর্কই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় ভুল। সম্প্রতি এক ব্যবসায়ী তেমনই এক প্রতারণার শিকার হয়েছেন, যেখানে ফেসবুকে দেওয়া এক মহিলার বিয়ের বিজ্ঞাপন তাঁকে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে দিয়েছে।
ঘটনার শুরু ফেসবুকে একটি পোস্ট দিয়ে। একজন মহিলা লেখেন, “সৎ, দায়িত্বশীল পুরুষ চাই সংসার করার জন্য। যারা সিরিয়াস, শুধু তারাই যোগাযোগ করুন।” পোস্টটি দেখে এক ব্যবসায়ীর মনে আগ্রহ জাগে। তিনি ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন এবং কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়।
মহিলা জানান, তার পরিবারিক অবস্থা ভালো নয়, তিনি সত্যিকারের একজন জীবনসঙ্গী খুঁজছেন। কথায় কথায় সহানুভূতি আদায় করে, এবং একসময় নানা অজুহাতে অর্থ সাহায্য চাইতে শুরু করেন—মায়ের চিকিৎসা, বাড়ি ভাড়া ইত্যাদি নানা কারণ দেখিয়ে। ব্যবসায়ীও ভবিষ্যতে সংসার করার আশায় বিশ্বাস করে টাকা পাঠাতে থাকেন।
ধাপে ধাপে প্রায় ১৫ লক্ষ টাকা নেওয়ার পর হঠাৎ করে মহিলা যোগাযোগ বন্ধ করে দেন। ফেসবুক প্রোফাইলও মুছে ফেলা হয়। ব্যবসায়ী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এই ঘটনার পর তিনি আইনের সাহায্য নিয়েছেন এবং সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করেছেন।
এই ঘটনা আমাদের সতর্ক করে দেয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মে গড়ে ওঠা সম্পর্কগুলোর পেছনে সবসময় সত্যিকারের উদ্দেশ্য নাও থাকতে পারে। তাই আবেগ নয়, বিচক্ষণতাই হোক প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি।

