পেঁড়ো, হাওড়া: পেঁড়ো পূর্ব্বাচল ক্লাবে অনুষ্ঠিত হয়েছিলো বাৎসরিক মাতৃ আরাধনা, দীপাবলি উৎসব ও বর্ণময় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা যেন মেতে উঠেছিল আনন্দ, উৎসাহ ও সাংস্কৃতিক আবেশে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হরিশপুর অঞ্চলের প্রধান, যার উপস্থিতিতে এক নতুন প্রাণ সঞ্চারিত হয় সকল অংশগ্রহণকারীদের মধ্যে।
মঞ্চে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রসেনজিৎ হাইত ছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্ব প্রশান্ত ঘোষ, তরুণ মন্ডল এবং সীমন্ত পাল। বিভিন্ন দিনে বিভিন্ন গুণীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেন। সম্পাদক প্রসেনজিৎ হাইত জানান, “সামাজিক দায়বদ্ধতা ও সততার সঙ্গে থেকে, সকলের যুবত সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। প্রতিবছরের মতো এবারও আমরা নজির তৈরি করেছি।”
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃষ্টিশীলতা মন কেড়ে নেয় সকলের। আবৃত্তি প্রতিযোগিতায় কচিকাঁচাদের কণ্ঠে উঠে আসে ছন্দময় কাব্য। নৃত্য প্রতিযোগিতায় ছিল রবীন্দ্র সংগীত থেকে রুচি সম্মত সৃজনশীল গানের মেলবন্ধন।
এই অনুষ্ঠান কেবলমাত্র ধর্মীয় অনুষঙ্গেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে উঠেছিল এক মিলনমেলা-যেখানে শিশু, কিশোর, যুবক সবাই মিলে গড়ে তুলেছে এক সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতির অনন্য নজির। ক্লাব কর্তৃপক্ষ ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং এলাকার মানুষের সহযোগিতায় এই আয়োজন সকলের মন জয় করেছে।

