পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: ইছাপুরে পার্কিং সংক্রান্ত বিবাদ ঘিরে ভয়াবহ পরিণতি। বাকবিতণ্ডার জেরে খুন হতে হল স্থানীয় যুবক দিলীপ দাসকে। এলাকাবাসীর অভিযোগ, একটি খাবারের দোকানে খেতে গিয়ে পার্কিং নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন দিলীপ। প্রথমে বচসা, পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, অভিযুক্তরা মেরে প্রায় অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা যায়, সোমবার রাতে দিলীপ দাস বন্ধুদের সঙ্গে খাবার খেতে যান ইছাপুর স্টেশন চত্বরে একটি জনপ্রিয় দোকানে। সেখানে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে একদল যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কথাকাটাকাটির জেরে ওই যুবকদের কয়েকজন দিলীপকে মারধর শুরু করে। বেধড়ক মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন দিলীপ।
স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় এবং শরীরের একাধিক অংশে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে দিলীপের।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা।
এদিকে দিলীপের অকালমৃত্যুতে শোকের ছায়া পরিবার ও পাড়ায়। দিলীপ ছিলেন এলাকার পরিচিত মুখ ও স্বভাব শান্ত যুবক। তাঁর এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ সকলে। পুলিশ জানিয়েছে, দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

