মিতা জানা , হাওড়া :- নয়াদিল্লি, ২৯ জুলাই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি চালানো সন্ত্রাসবাদী হামলায় নিহত জঙ্গিদের পাকিস্তানি পরিচয়পত্র প্রমাণ সহ স্পষ্ট করল কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘অপারেশন মহাদেব’-এ নিহত জঙ্গিদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে পাকিস্তানি ভোটার কার্ড এবং পাকিস্তানে তৈরি চকোলেটের মোড়ক। এই তথ্যই প্রমাণ করে, জঙ্গিরা পাকিস্তান থেকেই এসেছে।
এর আগে কংগ্রেস নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম প্রশ্ন তোলেন, এই জঙ্গিদের নাগরিকত্ব কীভাবে নির্ধারণ করা হয়েছে? তাঁর সেই প্রশ্নের জবাবে অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেন, “গতকাল চিদাম্বরমজি জানতে চেয়েছিলেন, জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে তার প্রমাণ কী? আমি তাঁকে বলতে চাই, পাকিস্তানকে বাঁচিয়ে আপনি কী লাভ করবেন? এটা কি পাকিস্তানকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা?”
অমিত শাহ জানান, অপারেশন মহাদেব চালানো হয়েছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। অভিযানে নিহত তিন জঙ্গির নাম সুলেমান, আফগান এবং জিবরান। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া নথি ও সামগ্রী স্পষ্ট করে দিচ্ছে, পাকিস্তান থেকেই তাঁরা ভারতে প্রবেশ করেছিল।

