নিজস্ব সংবাদদাতা,আরএনবি :
রাজ্যে শুরু হয়ে গেল নির্বাচনের প্রস্তুতি। আজ, সোমবার থেকেই ব্লক লেভেল অফিসারদের (বিএলও) হাতে তুলে দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম। কাল, অর্থাৎ মঙ্গলবার ৪ঠা নভেম্বর থেকে শুরু হবে বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ। এই কার্যক্রম চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাড়ি-বাড়ি গিয়ে বিএলও-রা ভোটারদের নাম, বয়স, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করবেন। পাশাপাশি এসআইআর (স্পেশাল সামারি রিভিশন)-এর জন্য প্রয়োজনীয় ফর্ম বিতরণ ও সংগ্রহ করবেন তাঁরা। এর আগে একাধিকবার বিএলও-দের ট্রেনিং দেওয়া হয়েছে,কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে, কোন কোন নথি যাচাই করতে হবে, সবই বিস্তারিতভাবে বোঝানো হয়েছে।
আজ সকাল থেকেই আলিপুর ট্রেজারি বিল্ডিং-এ পৌঁছে গেছে হাজার হাজার এনুমারেশন ফর্ম ও এনুমারেশন শিট। সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিএলও-দের হাতে এই ফর্ম তুলে দেওয়া হয়েছে। মূলত আলিপুর সদরের ছ’টি বিধানসভা কেন্দ্র যেমন যাদবপুর, কসবা, টালিগঞ্জ, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে একযোগে এই কার্যক্রম শুরু হবে।
এই সময়েই রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বাড়ছে। অনুপ্রবেশ নিয়ে কড়া সতর্কতা শোনালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,“আর ২৪ ঘণ্টা সময়। যে যেখান দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়েই ফিরে যাও। না হলে বিএসএফ চুলের মুঠি ধরে বার করে দেবে।”
শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ নিরপেক্ষভাবে ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।

