পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা,আরএনবি: পুজোর আগমুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মন খারাপ পুজোপ্রেমী মানুষের। ইতিমধ্যেই টানা নিম্নচাপের জেরে একের পর এক দিন ভিজছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, এমনকি উত্তর-পূর্ব ভারতের বহু জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাস জুড়েই সক্রিয় থাকবে বর্ষা, ফলে টানা বৃষ্টি চলতে পারে রাজ্যের একাধিক জেলায়।
বর্ষার মরশুমে সাধারণত নিম্নচাপের প্রভাব থাকে, তবে এ বছর তা কিছুটা বেশি ঘন ঘন হচ্ছে। গত ৪৩ দিনে ইতিমধ্যেই ১৩ বার নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বলে জানা গেছে।
শরৎকালের আকাশ মানেই পুজো-পূর্ব কেনাকাটার উৎসব। তবে বারবার বৃষ্টির জেরে সমস্যায় পড়তে পারেন ক্রেতা-বিক্রেতারা। রাস্তা জলে ডুবে গেলে পুজোর বাজারে ভিড়ও তুলনামূলকভাবে কম হতে পারে। ফলে ব্যবসার উপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই টানা বৃষ্টির ফলে নদী-নালা ফুলে ওঠার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের দাপটে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে, তাই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত চাষিদের ক্ষেত্রে বাড়তি বিপদের আশঙ্কা রয়েছে—ধান, শাকসবজি এবং ফুলচাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবুও আবহাওয়া দপ্তরের মতে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত নিম্নচাপ সক্রিয় থাকবে। তাই পুজোর শুরুতেও আকাশ ভিজে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে, আনন্দে ভাটা পড়তে পারে পুজোপ্রেমী মানুষের মনে।
এক কথায় বলা যায়, সেপ্টেম্বর জুড়েই ছাতা-বর্ষাতি হাতছাড়া করা যাচ্ছে না। আকাশ মেঘলা থাকলেও, ভিজে ভিজে পুজোর আনন্দ নিতে প্রস্তুত হতে হবে সকলকে।

