সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : এক সময় যেখানে বাজারই ছিল গ্রামের দোকানে, এখন সেখানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে টোটো ভর্তি ঘুরে বেড়ানো ফেরিওয়ালারা। ফলে দোকানদারদের সঙ্গে ফেরিওয়ালাদের এক অঘোষিত প্রতিযোগিতা তৈরি হয়েছে।
আগে গ্রামের মানুষজন প্রতিদিন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। ছোট ছোট দোকানই ছিল তাঁদের ভরসা। সেই দোকানদারদের আয়েই চলত সংসার। টোটো ফেরিওয়ালারা প্রতিদিন ভোর থেকে রাত অবধি রাস্তার ধারে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করছেন। শুধু কেনাবেচা নয়, পুরনো কাপড়ের বদলে বাসন, চুলের বদলে বাসন বা খেলনা, এমন নানা বিনিময় প্রথাও চালু করেছেন তাঁরা। বাজারের দামের চেয়েও কমে জিনিস পাওয়ায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন সহজেই।
ফলে স্থানীয় দোকানদারদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। তাঁদের অভিযোগ, “সারাদিন দোকান খোলা রাখলেও ক্রেতা নেই বললেই চলে। আগের তুলনায় আয় অর্ধেকেরও বেশি কমে গেছে।”
অন্যদিকে, গ্রামের অনেক বাসিন্দা কিন্তু ফেরিওয়ালাদের পক্ষে । তাঁদের যুক্তি, বাজারে যেতে সময় ও যাতায়াত খরচ লাগে। কিন্তু এখন দরকারি জিনিস ঘরের সামনে গিয়েই পাওয়া যাচ্ছে। কম দাম , সহজে পাওয়া যায় এই দুই কারণেই তাঁরা ফেরিওয়ালাদের দিকে ঝুঁকছেন।
এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে, গ্রামে এক নতুন রূপে বাজার ব্যবস্থা গড়ে উঠছে।

