নিজস্ব সংবাদদাতা, আরএনবি:দুর্গাপুরে ‘গণধর্ষণকাণ্ডের’ মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছিল। এবার বৃহস্পতিবার সেই এলাকার ঘেরাও আরও ৫০ মিটার বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ নির্যাতিতার সহপাঠী ও বন্ধুকে নিয়ে আবার ঘটনাস্থলে যায়। তদন্তকারী সূত্রে খবর, তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচজন ধৃত এবং নির্যাতিতার কথার সঙ্গে তাঁর বক্তব্য মেলানো হচ্ছে। এজন্যই তাঁকে আবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তকারীরা ঘটনাটি বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন।
ঘটনাস্থলটি কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে। একটি পাকা রাস্তা থেকে মাটির রাস্তা বেরিয়ে জঙ্গলের দিকে গেছে। প্রায় ১০০ ফুট এগিয়ে সেই রাস্তা দুটি ভাগে বিভক্ত হয়েছে একদিকে শ্মশান ও মন্দির, অন্যদিকে গ্রাম। পুলিশ সূত্রে জানা গেছে, ওই সরু রাস্তার দিকেই ঘটেছিল অপরাধটি।

