মিতা জানা , নিজস্ব সংবাদদাতা,আরএনবি : নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত দয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জলপাই গ্রামের দ্বিতীয় খণ্ডে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। দীর্ঘদিনের পরিত্যক্ত একটি বালি খাদানে জমে থাকা গভীর জলে তলিয়ে গিয়ে প্রাণ হারাল দুই কিশোরী বোন – সলোনি সিং (১০) ও পিঙ্কি সিং (৮)।
ঘটনাটি ঘটে দুপুরবেলায়, যখন দুই বোন গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার ছলেই তারা বালি খাদানের ধারে চলে আসে, যেখানে দীর্ঘদিনের বালি উত্তোলনের ফলে তৈরি হয়েছে এক বিশাল গর্ত। বর্ষাকালের বৃষ্টিতে সেই খাদান এখন রূপ নিয়েছে গভীর পুকুরে। স্থানীয়দের মতে, সেই জায়গাটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হয়ে উঠেছে, কিন্তু কোনো সতর্কতা বা বাধা ছিল না।
জল ধোয়ার উদ্দেশ্যে ছোট বোন পিঙ্কি পুকুরের ধারে পা রাখতেই আচমকা পিছলে পড়ে যায় গভীর জলে। মুহূর্তের মধ্যে তার ছোট্ট দেহ তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে ছুটে আসে বড় বোন সলোনি। কিন্তু কাদাযুক্ত পিচ্ছিল মাটিতে পা স্লিপ করে সেও পড়ে যায় জলে। দুই বোনই সাঁতার জানত না। চারপাশে থাকা মানুষজন ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্থানীয় যুবকরা উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে বোন দু’টির নিথর দেহ জলে তলিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল। দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় দুই বোনের নিথর দেহ। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারে নেমে এসেছে অন্ধকার। প্রতিবেশীরা জানান, দুই বোন অত্যন্ত চঞ্চল ও মেধাবী ছিল। এমন মর্মান্তিক পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটেছে। বারবার বলা সত্ত্বেও ওই খাদান ঘিরে কোনও সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামের মানুষ এখন দাবি তুলেছেন—এমন বিপজ্জনক জায়গাগুলি দ্রুত সুরক্ষিত করার, যাতে ভবিষ্যতে এমন কোনো ট্র্যাজেডি না ঘটে।

