নিজস্ব সংবাদদাতা, আরএনবি :
তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৯ জনের। গুরুতর আহত আরও অনেকে। বেসরকারি সূত্রে দাবি, মৃতের সংখ্যা কুড়ি। মঙ্গলবার ভোরে হায়দরাবাদ-মিজাপুর হাইওয়ের মির্জাগোড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭২ জন যাত্রী নিয়ে তান্ডুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল তেলেঙ্গানার একটি সরকারি বাস। পথে বিপরীত দিক থেকে আসা সুরকি ভর্তি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাক দু’টি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। অনেক যাত্রীই সুরকির নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস ও ট্রাক দু’টি গাড়ির চালকের।
স্থানীয় প্রশাসন, দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

