সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম ক্ষতির মুখে পড়লেন হুগলির তারকেশ্বর চাপাডাঙ্গা এলাকার একাধিক স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার সকাল সাতটা নাগাদ আচমকা আগুন লাগে এলাকার এক রেস্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রেস্টুরেন্টের ভিতরে মজুত গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আগুনে একটি রেস্টুরেন্ট ছাড়াও দুটি চপের দোকান, একটি চায়ের দোকান এবং অন্যান্য ব্যবসা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ইঞ্জিন । প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রেস্টুরেন্টে রাখা একটি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এই ঘটনায় পুজোর মুখে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকান হারিয়ে মাথায় হাত তাঁদের। তাদের দাবি ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে। স্থানীয়রা সরকারের তরফে আর্থিক সাহায্যে দাবি তুলেছেন।
এই ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন করে ভাবিয়ে তুলছে ছোট ব্যবসার সুরক্ষা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ পরিকাঠামোর অভাব নিয়ে।

