সুইতা পাল, হাওড়া : টানা বৃষ্টিতে নাকাল গ্ৰামবাসী । অতি নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে রাস্তায় জল জমে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। হাওড়া জেলার একাধিক এলাকায় রাস্তাঘাট জলমগ্ন। কোথাও হাঁটুপানি, কোথাও আবার কোমর সমান জল। নীচু এলাকাগুলিতে জল ঢুকে পড়েছে বাড়ির ভিতরেও। অলিগলি থেকে মূল রাস্তাঘাট— সর্বত্রই জল থৈ থৈ অবস্থা। রাস্তার আবর্জনা ভেসে উঠেছে।
জল জমার কারণে ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল, ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ছে যানবাহন। নর্দমার পচা জল ও রাস্তার আবর্জনা উঠে এসেছে রাস্তায়, যার ফলে দুর্গন্ধ বাড়ছে। রাস্তার ধারে থাকা ছোট দোকান ও বাজারগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিত্যযাত্রীরা পড়েছেন মহাবিপদে— অফিসগামী থেকে স্কুল পড়ুয়া, সবাই সমস্যায় পড়ছেন।
হুঁশ নেই প্রশাসনের।প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। জল বের করার জন্য নেই কোনও সঠিক পাম্পিং ব্যবস্থা। চরম ভোগান্তির মুখে পড়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অবিলম্বে দ্রুত পদক্ষেপের দাবি উঠছে সর্বত্র।

