নিজস্ব সংবাদদাতা, আরএনবি: ছত্তিশগড়ের বিলাসপুরে মঙ্গলবার বিকেলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন মারা গেছেন এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই রুটে বহু ট্রেন বাতিল হয়েছে। আর অনেক ট্রেন দেরিতে চলছে।
রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, একটি লোকাল ট্রেন সিগন্যাল না মেনে সামনে থাকা পণ্যবাহী ট্রেনের পিছনে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, ধাক্কার জেরে যাত্রীবাহী ট্রেনের একটি কোচ মালগাড়ির ওপর উঠে গিয়েছে। প্রথম কামরাটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। অনেকেই এই দুর্ঘটনার সঙ্গে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মিল খুঁজছেন।
দুর্ঘটনার পরই রেল, আরপিএফ এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে গিয়ে পরিস্থিতি দেখেন।
ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল জানিয়েছেন, পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। কিছু যাত্রী এখনও ট্রেনের ভেতরে আটকে আছেন, তাঁদের উদ্ধারের কাজ চলছে।
রেলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে।

