নিজস্ব সংবাদদাতা,আরএনবি :
রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জন যাত্রীর। আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ফালোড়ি জেলার মাতোদা গ্রামের কাছে ভারত মালা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দারা টেম্পো ট্র্যাভেলারে করে বিকানেরের কোলায়ত মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। ফেরার পথেই শনিবার রাতে তাঁদের গাড়িটি রাস্তার ধারে পার্ক করা একটি ট্রেলারের সঙ্গে ভয়ঙ্করভাবে ধাক্কা খায়। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে টেম্পো ট্র্যাভেলারের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। অনেকে ভেতরে আটকে পড়েন।
যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন,“ঘটনাস্থলেই ১৫ জন যাত্রীর মৃত্যু হয়। দুই মহিলা গুরুতর জখম হন। আহতদের প্রথমে ওসিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে যোধপুরে রেফার করা হয়েছে।”
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও স্থানীয়রা মিলে রাতভর চলে উদ্ধারকাজ। দুর্ঘটনার তীব্রতায় দেহ উদ্ধার করতেও পুলিশকে বেগ পেতে হয়,অনেকেই সিটে আটকে গিয়েছিলেন।
প্রাথমিক তদন্তে অনুমান,ঘন কুয়াশা এবং হাইওয়েতে যানজটের কারণে কিছু দেখা যাচ্ছিল না।
সেই কারণেই চালক ট্রেলারের উপস্থিতি বুঝতে পারেননি এবং সরাসরি ধাক্কা মারে। মাথরা থানার পুলিশ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। রাষ্ট্রপতি এই ঘটনাকে “অত্যন্ত হৃদয়বিদারক” বলে উল্লেখ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

