নিজস্ব সংবাদদাতা, আরএনবি : খড়গপুর থেকে দিল্লির তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে জিআরপি। তারা সবাই দিল্লির সুলতানপুরী গ্যাংয়ের সদস্য রণবীর সিং, আজমের সিং এবং মুকেশ। তাদের কাছ থেকে কিছু সোনার গয়নাও পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা দিল্লির সুলতানপুর এলাকার বাসিন্দা। দলটির কাজ করার ধরন একটু আলাদা। তারা দিল্লি থেকে বিমানে বিভিন্ন শহরে যেত এবং উৎসবের সময় ভিড় জায়গায় গিয়ে চুরি করত। রেলস্টেশন, বাসস্ট্যান্ডে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বৃদ্ধা মহিলাদের টার্গেট করত । ব্যাগ থেকে টাকা, সোনার গয়না চুরি করা ছিল এদের প্রধান কাজ। দলের নেতা রণবীর সিং-ও ধরা পড়েছে। এর আগে কলকাতা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় এই গ্যাং চুরি করেছে।
পুলিশ তাদের ১১ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ধৃতদের মোবাইল ফোনও পাওয়া গেছে। তবে তারা সাধারণ ফোনে কথা বলত না মোবাইল ট্র্যাক এড়াতে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করত।

