পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা,আরএনবি:- কালিম্পং জেলায় টানা কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টিপাতের ফলে ভয়াবহ ধস নেমেছে ভাসুয়া এলাকায়। এই ধসের কারণে শুক্রবার রাতে কালিম্পং হয়ে শিলিগুড়ি যাওয়ার অন্যতম প্রধান সংযোগস্থল ১০ নম্বর জাতীয় সড়কে সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ি রাস্তাগুলিতে বৃষ্টির জেরে মাটি নরম হয়ে পড়ায়, বড়সড় ধসের ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও বড়সড় প্রাণহানির খবর না মিললেও এই ধসের কারণে যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় মানুষ ও পর্যটকেরা।
১০ নম্বর জাতীয় সড়কটি সিকিম ও কালিম্পং থেকে শিলিগুড়ির সঙ্গে যুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সিকিমগামী গাড়ি ও পর্যটকদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়েছে বিভিন্ন জায়গায়। বর্তমানে প্রশাসনের তরফে বিকল্প রুট হিসাবে লাভার রাস্তা দিয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যদিও সেই রাস্তাটিও সরু ও পাহাড়ি হওয়ায় বড় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।
পাহাড়ে বর্ষার সময় ধসের ঘটনা নতুন কিছু নয়, তবে এবারের টানা বর্ষণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আপাতত ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বিকল্প রুট সম্পর্কে আগে থেকেই খোঁজ নিয়ে পরিকল্পনা করেন এবং প্রয়োজনে ভ্রমণ পিছিয়ে দেন। প্রশাসনের তরফ থেকে রাস্তায় আটকে পড়া যাত্রীদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কাজ চলছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এই ধস শুধু যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করেনি, পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপত্তা নিয়েও চিন্তা বাড়িয়েছে। প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার, তবে পাহাড়ে নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

