সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা:রবিবার সাতসকালে কলকাতার নাকের ডগায় প্রকাশ্যে পিটিয়ে খুন করা হলো এক যুবককে। বন্ধুদের মধ্যে বচসার জেরে বাবা ও ছেলের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। আজ সকাল ৭টা নাগাদ কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেহালার সখের বাজার সুপার মার্কেটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ নিহত যুবকের নাম বাপি অধিকারী বলে জানিয়েছে।
নিহত যুবক বাপি অধিকারীর এক বন্ধু পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে তিনি, বাপি অধিকারী ও দীপু জানা নামে তিন বন্ধু সখের বাজারে ডায়মন্ড হারবার রোডের পাশে সারারাত ধরে মদ্যপান করছিলেন। রবিবার সকালে তাঁরা ফুটপাথের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সে সময় দীপুর সঙ্গে বাপির কোনো বিষয় নিয়ে বচসা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাপি দীপুকে কয়েকটি চড় মারে।
বাপির হাতে মার খাওয়ার পর দীপু ফোন করে তার বাবাকে বিষয়টি জানায়। সকাল ৭টা নাগাদ দীপুর বাবা ঘটনাস্থলে এসে পৌঁছান। এরপর দীপু এবং তার বাবা মিলে বাপি অধিকারীকে ব্যাপক মারধর শুরু করেন। প্রথমে যুবককে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়। তারপর সখের বাজার সুপার মার্কেটের প্রবেশদ্বারের ভিতরে নিয়ে গিয়ে বাবা ও ছেলে মিলে বাপিকে নির্বিচারে লাথি, ঘুসি মারতে থাকে। অভিযোগ উঠেছে, বাপির মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। এমনকি বাপি প্রাণ বাঁচাতে পালাতে গেলে তাকে ধরে এনে আবার মারধর করা হয়। ঘটনাস্থলেই বাপি অধিকারীর মৃত্যু হয়।
বর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা নিহত যুবকের দেহ উদ্ধার করে এবং কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করে। স্থানীয় এক ব্যবসায়ী জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দেখেছিলেন দু’জন মিলে এক যুবককে মারধর করছে। তবে বিষয়টি এত গুরুতর হবে এবং এমন মর্মান্তিক পরিণতি হবে, তা তিনি বুঝতে পারেননি।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

