নিজস্ব সংবাদদাতা, আরএনবি: “উৎসব মানে শুধু ঝলক নয়, মাটির গন্ধে মিশে থাকা এক আবেগও”।
কালীপূজা ও দীপাবলির উৎসব মানেই আলো আর আনন্দের উচ্ছ্বাস। ঘরে ঘরে সারি মাটির প্রদীপে জ্বলত ঘি বা সরষের তেলে। কিন্তু আধুনিকতার যুগে সেই ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাজারে এখন আধিপত্য LED লাইট, নানা রঙের ইলেকট্রনিক সজ্জার।
স্থানীয় হাটে এখন আর আগের মতো ভিড় নেই প্রদীপ বিক্রেতাদের দোকানে। একসময় যাঁরা সারাবছর মাটির প্রদীপ তৈরি করে সংসার চালাতেন, আজ তাঁদের মাথায় চিন্তার ভাঁজ। দাম কম, আলো বেশি এবং টেকসই হওয়ায় LED লাইটের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে মাটির প্রদীপের বিক্রি প্রায় অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
শিল্পীরা জানাচ্ছেন, “আগে কালীপূজার এক সপ্তাহ আগে থেকেই বিক্রির ধুম লেগে যেত। এখন দু-একজন প্রদীপ কিনে চলে যায়, বাকিটা বেচা পড়ে থাকে।”
আধুনিক ঝলমলে আলোয় যখন কালীমায়ের আরাধনা চলছে, তখন মাটির প্রদীপের নিভে যাওয়া যেন এক প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব ঐতিহ্যের আলো।

