নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উদয়নারায়নপুরের কানুপাট এলাকায় এক নববধূর রহস্যজনক মৃত্যু। মৃতার নাম শিপ্রা মাজী। মাত্র ৬ মাস আগে তাঁর বিয়ে হয় পুরপাট কালিকাপুর গ্রামের বাসিন্দা অমিত মাজীর সঙ্গে।
শিপ্রার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানারকম অশান্তি চলত। আরও জানা গেছে, অমিতের নাকি এর আগেও দু’বার বিয়ে হয়েছে। শিপ্রার মৃত্যুর পর থেকেই অমিত ও তাঁর বাবা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এতে শিপ্রার বাপের বাড়ির লোকেরা সন্দেহ করছেন যে শিপ্রাকে খুন করা হয়েছে।
শ্বশুরবাড়ির দাবি, শিপ্রা নাকি আত্মহত্যা করেছে। দু’পক্ষের বক্তব্য একেবারে আলাদা হওয়ায় রহস্য আরও বেড়েছে। স্থানীয়দের কথায়, শিপ্রাকে নাকি প্রায়ই মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো, তাই তিনি মাঝেমধ্যে পাশের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অমিত ও তাঁর বাবার খোঁজে পুলিশ তৎপর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

