সায়ন্তন মণ্ডল,নিজস্ব সংবাদদাতা- কলকাতা; ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে বাংলার দক্ষিণবঙ্গ। অন্যদিকে, উত্তরবঙ্গে আগেই জোরকদমে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু কবে কমবে দক্ষিণবঙ্গের অসহনীয় গরমের দাপট ? দক্ষিণবঙ্গে বর্ষার দাপুটে ইনিংস শুরু হবে কবে? এই অবস্থায় সামনে এল বাংলার আবহাওয়ার আপডেট।
অবিরাম বর্ষণে ভিজছে উত্তরবঙ্গ ও সিকিম। মঙ্গলবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে খাতায় কলমে বর্ষা প্রবেশ করার পর আজ দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে জারী রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস। একইসাথে উত্তরের বাকি জেলাতেও হতে পারে বৃষ্টি।
আবহাওয়ার রিপোর্ট বলছে, উত্তরবঙ্গে আজ কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া।বুধবারও উত্তরের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে,ফলে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে জল জমারও আশঙ্কা থাকছে। দার্জিলিং ও কালিম্পংএর পার্বত্য অঞ্চলে রয়েছে ধস নামার সম্ভাবনা। আগামী তিন দিন প্রচুর পরিমাণ বৃ্ষ্টির পূর্বাভাস রয়েছে।

