পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- শুটিংয়ের ব্যস্ততা সত্ত্বেও ভক্তিভাবেই শ্রাবণ মাসের প্রথম সোমবার মন্দিরে হাজির হলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাস বিশেষভাবে ভগবান শিবের আরাধনার জন্য গুরুত্বপূর্ণ। শ্রাবণের প্রতিটি সোমবারই শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র – উপবাস, পুজো ও আচার-অনুষ্ঠানে মেতে ওঠেন তাঁরা।
এই ধারাবাহিকতায়, মিমিও শ্রাবণের প্রথম সোমবার সকালেই উপস্থিত হন মন্দিরে। শ্বেতবর্ণ সালোয়ার-কামিজে, রঙিন সুতোর কাজ আর সঙ্গে ফ্লোরাল প্রিন্টের ওড়না পরে একেবারে পূর্ণ রীতি মেনেই ভগবান শিবের অভিষেক করেন তিনি। প্রথমে দুধ ও জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক, তারপরে ফুল, বেলপাতা ও আকন্দের মালা অর্পণ করেন অভিনেত্রী। পাঁচ রকমের ফল এবং নতুন বস্ত্রও নিবেদন করেন মিমি।
শুধু শিব নয়, মিমির আরাধনার তালিকায় ছিলেন শক্তির প্রতীক মা কালীও। হাতে জবার মালা, চোখ বন্ধ করে একাগ্রচিত্তে মা কালীর সামনে প্রণামের ভঙ্গিতে ধ্যানস্থ ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার শক্তি’।
কর্মজীবনের দিকেও একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টে ব্যস্ত মিমি। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’, যেখানে তিনি পুলিশ অফিসার সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন। পাশাপাশি চলছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শ্যুটিংও, দুটি ছবিই উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত।
ধর্ম ও কাজের মাঝে ভারসাম্য রেখে অভিনেত্রীর এই নিঃশব্দ, একাগ্র devotion নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।

