নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা-য় শুভেন্দু অধিকারী তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার করেন। তাঁর বক্তব্য – “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের অধঃপতন হয়েছে। পশ্চিমবঙ্গ এখন ভুল পথে এগোচ্ছে।” তিনি দাবি করেন, “রাজ্য জামাতদের হাতে চলে গিয়েছে, তাই বাংলাকে বাঁচাতে পরিবর্তন প্রয়োজন।” বাংলাদেশের কালচার এই রাজ্যে এনে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, আমতা ও উদয়নারায়ণপুরে কাজের সুযোগ নেই, তাই অনেকেই অন্য রাজ্যে কাজ খুঁজতে বাধ্য হচ্ছেন। এর দায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপান। শুভেন্দুর দাবি, কেন্দ্র রাজ্যের উন্নয়নে ৯১ হাজার কোটি টাকা দিতে চাইছে, নতুন বিমানবন্দর ও রেল প্রকল্প করতে চাইছে, কিন্তু তৃণমূল সরকার জমি দিচ্ছে না। গত ১৫ বছরে কোনও কর্মসংস্থান হয়নি, প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, খুন এবং সম্পত্তি লুট সহ একাধিক দুর্নীতির সাথে তৃণমূলের অপশাসন এখন চরম শিখরে পৌঁছে গিয়েছে বলেন তিনি। চাকরিপ্রার্থীদের দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়াকেও তিনি রাজ্যের ব্যর্থতা হিসেবে দেখান।
রাজ্যে জুটমিল বন্ধ, শিল্প নেই, আয়ুষ্মান ভারত চালু হয়নি, এসব তুলে ধরে তিনি বলেন “রাজ্যের উন্নয়ন থমকে গেছে, তাই তৃণমূল সরকারকে সরানো দরকার।” বিজেপি এলে মাফিয়া ও সিন্ডিকেট রাজ শেষ হবে, বলেও দাবি করেন শুভেন্দু। শেষে তিনি বলেন,
“এবার বাংলায় বদল হবে, আবার বদলাও হবে।”

