সায়ন্তন মন্ডল, নিজস্ব সংবাদদাতা,কলকাতা; ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে গত ৬-৭ মে-র রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে ধূলিসাৎ করেছিল ভারত। এরপর পাকিস্তানি সেনার বারবার সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন ও উস্কানিতে ভারতের তরফ থেকে পাকিস্তানের একধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়। ওই সময় ভারতীয় সশস্ত্র বিমান বাহিনীর হামলায় ধ্বংস হয়েছিল পাকিস্তানে অবস্থিত রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়ে। সেই বিমানঘাঁটিতে ফের একবার নোটাম জারি করল পাকিস্তান। অর্থাৎ, সেই ঘাঁটি থেকে কোনও বিমান না উড়বে না অবতরণ করবে। এর আগে পাকিস্তান ৪ জুলাই পর্যন্ত এই বিমানঘাঁটির জন্য নোটাম জারি করেছিল। সেই মেয়াদ ফের একবার বাড়ানো হল।রিপোর্ট অনুযায়ী, রহিম ইয়ার খান বেসে এবার ১৮ জুলাই পযন্ত নোটাম জারি থাকবে। এই আবহে জল্পনা কল্পনা শুরু হয়েছে পাকিস্তানের এই বায়ুসেনা ঘাঁটি নিয়ে। রহিম ইয়ার খান বিমান ঘাঁটি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত। এটি বাহাওয়ালপুর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বোমার আঘাতে এই রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়েতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছিল। ভারতীয় সেনার তরফে প্রকাশিত একটি ক্লোজ আপ ভিডিওতে যার স্পষ্ট প্রমাণও মিলেছে।এই আবহে ধ্বংস হওয়া পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলি নিয়ে বিগত মাসগুলিতে কৌতুহল বেড়েছে ক্রমেই।

