পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, কলকাতা:– বলিউডের সঙ্গীতশিল্পী অমল মালিক তাঁর কাকা অনু মালিকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি উল্লেখ করেছেন কিভাবে অনু মালিক তাঁর বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাঁর হাত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিনিয়ে নেন। এছাড়া মি টু আন্দোলনে অনু মালিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কেও মুখ খুলেছেন অমল।অনু মালিক ও ডাবু মালিক দুই ভাই, যারা বিখ্যাত সঙ্গীত পরিচালক সরদার মালিকের পুত্র। যদিও তাদের পারিবারিক সম্পর্ক ভালো, তবে পেশাগত জীবনেও একে অপরের সাথে প্রতিযোগিতামূলক ছিল। অমল মালিক সম্প্রতি বলেছেন, “অনু মালিক পেশাগত জীবনে সব সময় প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি আমাদের সঙ্গীত পরিবারে সেরা। অনেক সময় আমার বাবা যখন ছবির কাজ পেতেন, তখন অনু প্রযোজকদের কাছে গিয়ে তাদের কম টাকায় বা বিনা পারিশ্রমিকে কাজ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিতেন, এবং ছবিটি নিয়ে নিতেন।” এক উদাহরণ হিসেবে, অমল উল্লেখ করেন, “মহেশ ভাট যখন ‘মার্ডার’ ছবির মিউজিক ডিল চূড়ান্ত করতে যাচ্ছিলেন, তখন অনু মালিক সেটিও ছিনিয়ে নেন।”অমল আরো বলেন, তাঁর বাবা দীর্ঘ ৩২ থেকে ৪৫ বছর ধরে হতাশায় ভুগছিলেন। ছোটবেলায় তিনি বাবাকে বিষণ্ণতার মধ্যে কাটতে দেখেছেন, কিন্তু সে সময় থেকেই তিনি মনে মনে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি একটা বড় কাজ করবেন। অমল জানিয়েছেন, তাঁর বাবা ৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন, কিন্তু কখনও যথাযথ স্বীকৃতি পাননি। “এখন, তাঁদের কাজ সবার নজরে আসছে,” বলেছেন অমল।অমল আরও জানান, কাকা অনু মালিকও কখনো তাঁর ক্যারিয়ারে হস্তক্ষেপ করেছেন। “যখনই আমি কোনো প্রজেক্ট ঘোষণা করি, তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চেষ্টা করেন। তবে, এখন অন্তত তিনি আমাকে ভালো কাজ করতে দেখে প্রশংসা করেন,” বলেন অমল।মি টু আন্দোলনে অনু মালিকের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে, অমল বলেন, “এ ব্যাপারে আমি কখনও কোনও মন্তব্য করিনি, কারণ আমি তাঁদের পরিবারের অংশ মনে করিনি। কিন্তু যখন পাঁচজন মানুষের মুখে একই অভিযোগ উঠে, তখন এটা স্পষ্ট যে, এতে কিছু না কিছু সত্যতা তো আছেই।”

