নিজস্ব সংবাদদাতা,আরএনবি : স্কুলের ভেতরেই ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা।সহপাঠীর হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত হল অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরী মুক্তারাম দে হাই স্কুলে। মারধরের সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ক্যামেরায়।
জানা গিয়েছে, এক ছাত্রকে দীর্ঘদিন ধরে একই ক্লাসের চারজন সহপাঠী নানারকমভাবে টরচার করত।সম্প্রতি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতেই আরও বাড়ে অত্যাচারের মাত্রা।বুধবার স্কুল চলাকালীন ফের সেই চারজন ছাত্র মিলে আক্রান্ত ছাত্রের উপর চড়াও হয়। প্রথমে মুখে ঘুষি, তারপর বুকে লাথি,এমনকি মাটিতে পড়ে যাওয়ার পরও চলতে থাকে কিল-চড়-থাপ্পড়।এমন অমানবিক ঘটনা দেখেও কেউ কোনো প্রতিবাদ করেনি।
গুরুতর আহত অবস্থায় স্কুল কর্তৃপক্ষ দ্রুত আহত ছাত্রকে বালিটিকুরী ইএসআই হাসপাতালে নিয়ে যায়। ট্রিটমেন্টের পরে তাকে বাড়িতে পাঠানো হয়।চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী,তার বুকে এবং পাঁজরে গুরুতর আঘাত রয়েছে।
ঘটনাটি সামনে আসতেই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই অভিযুক্ত চার ছাত্রকে স্কুলে প্রবেশে নিষেধ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই ছাত্ররা শুধুমাত্র পরীক্ষার দিন স্কুলে আসতে পারবে।
স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।অভিভাবক মহলের দাবি,স্কুলে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কড়া নজরদারি প্রয়োজন।তা না হলে কোন ভরসায় আমরা ছেলেদের স্কুলে পাঠাবো? অবিলম্বে এই ধরনের র্যাগিং বন্ধ করা হোক।

