নিজস্ব সংবাদদাতা, আরএনবি: নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আর অধ্যবসায় এই তিন গুণই সাফল্যের চাবিকাঠি হয়ে উঠল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানার জীবনে। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমেস্টারে ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে তারা যুগ্মভাবে স্কুলের মেধাতালিকার শীর্ষে স্থান পেয়েছে। সহপাঠী ও বন্ধু হওয়ার পাশাপাশি তারা একসঙ্গে সাফল্যের শীর্ষেও পৌঁছেছে, যার ফলে উচ্ছ্বাসে ভরে উঠেছে গোটা বিদ্যালয়।
রেজাল্টের পর আনন্দে ভাসছে দুই কৃতী ছাত্রই। আদিত্য জানায়, “প্রথমবার শুনে বিশ্বাসই করতে পারিনি। খুব ভালো লেগেছে। আমরা কিছুটা আশা করেছিলাম, কিন্তু ফলাফল দেখে আরও উৎসাহ পেয়েছি। স্যাররাও খুব খুশি। ক্লাস ফাইভ থেকে এখানে পড়ছি। শুরু থেকেই কঠোর নিয়ম, শৃঙ্খলা ও রুটিন আমাদের জীবনের অংশ। পড়াশোনার পাশাপাশি প্রতিদিনের কাজেও সেই শৃঙ্খলাবোধ বজায় রাখতে শিখেছি।”
প্রীতমও একইভাবে উচ্ছ্বসিত। সে বলে, “রেজাল্ট ভালো হবে আশা করেছিলাম, কিন্তু একেবারে প্রথম হব ভাবিনি। স্যাররা আমাদের থেকেও বেশি আনন্দিত।” সে জানায় তাদের প্রতিদিনের রুটিন “সকালে ভজন, তারপর খাবার ও স্টাডি। এরপর স্নান সেরে স্কুল। বিকেলে খেলাধুলা, সন্ধ্যায় আবার ভজন ও পড়াশোনা। রাত ৯টার পর খাওয়া শেষ করে আমরা প্রায় ১২টা পর্যন্ত পড়তাম।”
এই সুশৃঙ্খল জীবনযাপন ও অধ্যবসায়ের ফলেই আজ তারা এই গৌরব অর্জন করেছে। প্রীতম ও আদিত্যের এই সাফল্যে উজ্জ্বল হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নাম, আর অনুপ্রেরণা পেয়েছে অসংখ্য সহপাঠী।

