নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিল এক ট্রাফিক হোম গার্ড। অভিযোগ, উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত শেখ বাবুলাল (৩৫) নিজেকে পুলিস অফিসার ও রাজনৈতিক দলের নেতা বলে দাবি করে এক মহিলা জুনিয়র ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শারীরিক নিগ্রহ করেন। এমনকি রাস্তায় বেরোলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ।
ঘটনাটি ঘটে তখন, যখন ওই হোম গার্ড তাঁর এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে আসেন। তাঁর সঙ্গে আরও ১০-১২ জন ছিলেন। সে সময় ডিউটিতে ছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার। চিকিৎসক রোগিনীকে প্রাথমিক পরীক্ষা করার পর অন্য রোগী দেখতে শুরু করলে, হোম গার্ড পুনরায় তাঁর আত্মীয়াকে দেখতে বলেন। চিকিৎসক জানান, রোগীকে তিনি দেখে ফেলেছেন এবং প্রয়োজনে অন্য চিকিৎসক পরবর্তীতে দেখবেন। রোগিণীর অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি।
এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শেখ বাবুলাল। অভিযোগ, তিনি ও তাঁর সঙ্গীরা ওই ডাক্তারকে ঘিরে ধরে চিৎকার, গালিগালাজ করতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এক পর্যায়ে হোম গার্ড ওই ডাক্তারকে হেনস্থা করেন, হাত মুচড়ে দেন এবং ঘুষি মারেন ঘাড়ে। হাসপাতালের নিরাপত্তারক্ষা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডাক্তারকে উদ্ধার করেন।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন হাসপাতালের সহকর্মীরা ও চিকিৎসক সংগঠনগুলি। দোষীর শাস্তির দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে-রোগী পরিষেবার নামে হাসপাতালে কীভাবে চলতে পারে এমন সন্ত্রাস?

