পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় ঘটল এক রহস্যঘেরা ট্র্যাজেডি। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক মধ্যবয়স্ক যাত্রীর। রবিবার সকালে শিয়ালদহ–হাসনাবাদ শাখার উত্তর দেবীপুর রেলগেটের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল প্রায় ১১টা নাগাদ আপ শিয়ালদহ লোকাল চাপাপুকুর স্টেশন ছেড়ে কিছুটা দূরেই পৌঁছেছিল। সেই সময়ই আচমকা এক প্রায় ৫০ বছর বয়সী যাত্রী ট্রেন থেকে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, এত দ্রুত সবকিছু ঘটে যায় যে তাঁকে বাঁচানোর সুযোগই পাওয়া যায়নি। মূহূর্তের মধ্যেই রেললাইনের ধারে লুটিয়ে পড়ে প্রাণ হারান ওই ব্যক্তি।
ঘটনার পরেই দমকলে কৌতূহল আর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সকালের ব্যস্ত সময়ে এভাবে যাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি নিছক দুর্ঘটনা? নাকি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির জেরে যাত্রী পড়ে গেলেন? আরও গুরুতর প্রশ্ন কাউকে কি ইচ্ছে করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে? এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট রেল পুলিশের আধিকারিকরা। মৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছেন তদন্তকারীরা। পাশাপাশি, মৃত্যুর আসল কারণ জানতে দুর্ঘটনা, ধাক্কাধাক্কি নাকি ষড়যন্ত্র সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয়দের দাবি, সকালে অফিসগামী ট্রেনে প্রতিদিনই ভিড় থাকে। তবে হঠাৎ এইরকম রহস্যমৃত্যু যাত্রীদের মনে আতঙ্ক বাড়িয়ে তুলছে। নাম–পরিচয়হীন ওই মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন না হওয়া পর্যন্ত ধোঁয়াশা কাটছে না ঘটনার নেপথ্যে। রেলপুলিশের এক আধিকারিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। তবে এটি দুর্ঘটনা না অন্য কিছু, তা তদন্তেই স্পষ্ট হবে।
এদিকে, রহস্যমৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হয় কৌতূহলী ভিড়। উত্তর দেবীপুরের ৩৭ নম্বর রেলগেট ঘিরে এখন শুধুই জল্পনা কীভাবে ঘটল এই মৃত্যুর ঘটনা?

