পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: নতুন করে আলোড়ন ফেলেছে হাওড়ার জগৎবল্লভপুরে, যেখানে বড়সড় রেশন দুর্নীতি চক্র ফাঁস করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়গাছিয়া স্টেশন রোড এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি গোপন গোডাউনে সরকারী রেশনের চাল ও আটা মজুত করে তা অবৈধভাবে বাজারে বিক্রি করা হচ্ছিল। অবশেষে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১টা নাগাদ জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ওমপ্রকাশ সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল হানা দেয় ওই এলাকায়।
পুলিশ বাহিনী পৌঁছেই গোডাউনের চারপাশ ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলা এই তল্লাশিতে উদ্ধার হয় বস্তা বস্তা সরকারি রেশনের চাল ও আটা, যার গায়ে স্পষ্টভাবে ‘রেশন ডিলার’-এর জন্য নির্ধারিত বলে উল্লেখ ছিল। এই সমস্ত খাদ্যপণ্য সাধারণ গরিব ও নিম্ন আয়ের মানুষদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করার কথা, অথচ তা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই ওই গোডাউনে রাতের অন্ধকারে ট্রাকে করে চাল ও আটা আনা-নেওয়া হত, তবে কেউ সাহস করে মুখ খুলতে পারেনি। পুলিশের তৎপরতায় এবার সেই গোপন রেশন চক্রের পর্দাফাঁস হল। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু নথিপত্রও উদ্ধার করেছে, যেগুলোর মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই গোডাউনের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কিছু রেশন ডিলার ও খাদ্য দফতরের দুর্নীতিগ্রস্ত কর্মীরা জড়িত থাকতে পারে। গোটা ঘটনার তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেও, একাংশের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে – কারণ এই চক্র যে আরও বিস্তৃত হতে পারে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
সরকারি রেশনের সামগ্রী নিয়ে এই ধরণের দুর্নীতির ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।

