পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: “আমাদের পাড়া, আমাদের সমাধান”- এই কর্মসূচির মধ্য দিয়ে এক নতুন দিশা দেখছে বাংলা। শুধু উন্নয়ন নয়, এই কর্মসূচি সাধারণ মানুষের জীবনযাত্রায় এনে দিচ্ছে বাস্তবিক পরিবর্তনের ছোঁয়া। প্রশাসন আর জনসাধারণ একসাথে পথ চললে কিভাবে গড়ে ওঠে এক সমৃদ্ধ সমাজ, তার এক অনন্য উদাহরণ হল এই উদ্যোগ।
এই কর্মসূচির অন্তর্গত উদয়নারায়ণপুর ব্লকের ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি আয়োজিত হয় একটি জনসেবামূলক শিবির। শিবিরে উপস্থিত হয়ে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ, চাহিদা ও অগ্রাধিকারের কথা শোনেন বিশিষ্ট প্রশাসনিক প্রতিনিধি সমীর কুমার পাঁজা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে জানান, সরকার মানুষের দুয়ারে পৌঁছে দিতে চায় পরিষেবা, আর এই ধরনের উদ্যোগ তারই বাস্তব প্রতিফলন।
শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সাধারণ মানুষের নানা সমস্যা ও অনুরোধ শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের পথ বাতলে দেন। স্বাস্থ্য পরিষেবা, রেশন কার্ড, আবাসন, পানীয় জল, কৃষি সংক্রান্ত সহায়তা, শিক্ষার সুযোগ- বিভিন্ন বিষয়ে সরাসরি সাহায্য পান গ্রামবাসীরা। এতে করে একদিকে যেমন প্রশাসনের উপর বাড়ছে মানুষের আস্থা, তেমনি অন্যদিকে গড়ে উঠছে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা।
“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির মূল লক্ষ্যই হল পাড়ার সমস্যার সমাধান করতে পাড়াকেই এগিয়ে আনা। স্থানীয় মানুষদের অংশগ্রহণের মাধ্যমে ঠিক হচ্ছে কোন কাজগুলো অগ্রাধিকার পাবে। ফলে প্রকৃত সমস্যাগুলির উপরই পড়ছে গুরুত্ব, এবং অনর্থক প্রকল্পে সময় ও সম্পদের অপচয় রোধ হচ্ছে।
এই কর্মসূচি শুধু উন্নয়নের কথা বলছে না, বরং উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বদলাচ্ছে পাড়া, বদলাচ্ছে মানুষের জীবনধারা। গ্রাম বাংলার এই পরিবর্তনই আগামী দিনের এক উন্নত, অংশগ্রহণমূলক ও মানবিক বাংলার ইঙ্গিত দেয়।

