পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: নদীয়া জেলার তেহট্টের নিশ্চিন্তপুর গ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। বাড়ির কাছের বাওয়া থেকে উদ্ধার হয় তৃতীয় শ্রেণীর ছাত্র স্মরণাব্য বিশ্বাসের রক্তাক্ত দেহ। মাত্র আট বছরের ওই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া, আর সঙ্গে সঙ্গে ছড়ায় ক্ষোভ।
মৃতের পরিবার তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মোট সাতজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযোগে স্পষ্টভাবে নাম রয়েছে উৎপল মণ্ডল ও সোমা মণ্ডল সহ তাদের পরিবারের অন্যান্য আত্মীয়দের।
অভিযোগে নাম থাকা সাতজনের মধ্যে উৎপল মণ্ডল ও সোমা মণ্ডল ইতিমধ্যেই মারা গিয়েছেন। আরও একজন বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বাকিদের খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ তাদের ১৪ দিনের কাস্টডি চেয়ে আবেদন জানাবে। মামলা খুনের ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি সম্ভবত পারিবারিক বিবাদ ও প্রতিশোধপরায়ণতার জেরে ঘটেছে। তদন্তের স্বার্থে এখনই সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিশুর নৃশংস খুনে এলাকাজুড়ে ক্ষোভ উগ্রে উঠেছে। স্থানীয়রা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ পুরো এলাকায় নজরদারি বাড়িয়েছে।

