নিজস্ব সংবাদদাতা, আরএনবি:- পরিযায়ী শ্রমিকদের জীবনে স্বস্তি আনার লক্ষ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে শ্রমশ্রী প্রকল্প। প্রকল্প অনুযায়ী, প্রতিটি পরিযায়ী শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কিন্তু এই ঘোষণার পরেই রাজ্যের শ্রমজীবী মহলে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।
রাজ্য সরকারের ঘোষিত শ্রমশ্রী প্রকল্প নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রকল্প অনুযায়ী, পরিযায়ী শ্রমিকদের এককালীন সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও, শ্রমজীবী মানুষের একাংশ এটিকে ‘হাসির খোরাক’ বলে কটাক্ষ করছে। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, দৈনিক আয় থেকে বঞ্চিত হয়ে যেভাবে পরিবার চালাতে হয়, সেখানে মাত্র পাঁচ হাজার টাকায় কোনও সমস্যার সমাধান সম্ভব নয়।
অনেকেই বলছেন, এই টাকায় একটি মাসও চলা সম্ভব নয়, উল্টে সরকারের এই ঘোষণায় শ্রমজীবী মানুষদের দুর্দশাকে হালকা করে দেখানো হয়েছে।অনেক শ্রমিকের দাবি, পাঁচ হাজার টাকায় কিছুই সম্ভব নয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, ভাড়া, চিকিৎসা, সংসারের খরচ—সব মিলিয়ে এক মাসও টিকে থাকা কঠিন। তারা বলছেন, প্রকৃত সহায়তা চাইলে সরকারকে মাসিক ভাতা চালু করতে হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, নির্বাচনের আগে ভোট টানতেই এই প্রকল্প ঘোষণা করেছে সরকার। তাদের বক্তব্য, বাস্তবে শ্রমজীবী মানুষদের সমস্যার সমাধান হচ্ছে না। অন্যদিকে শাসক শিবির জানিয়েছে, শ্রমিকদের পাশে দাঁড়ানোই একমাত্র উদ্দেশ্য, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

