নিজস্ব সংবাদদাতা, উদয়নারায়ণপুর:
গত বছরের ভয়াবহ বন্যায় জলের তোড়ে নিশ্চিহ্ন হয়েছিল মনশুকা অঞ্চলের প্রায় ২০ ফুট কংক্রিটের বাঁধ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিস্তীর্ণ জমির ফসল সাথে বাঁধ ঘেঁষা একটি পাকা বাড়িও। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি তৈরি করেছিল নির্মাণ সংস্থা L&T, বাঁধটি ভাঙনের পর সংস্কারের দায়িত্বও নেয় তারা। তবে বছর পেরোলেও সম্পূর্ণ হয়নি সংস্করণের কাজ। শুধুমাত্র কিছু বালির বস্তা ও মাটি ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও বর্ষাকালে সেটির অবস্থাও বেহাল। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষদের। স্থানীয়দের দাবি, “প্রতিবার কাজ শুরু হয়, আবার বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে রাস্তা কাদা হয়ে যাচ্ছে, গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাও মুশকিল।” প্রশাসনের তরফে দ্রুত কাজ শুরু হওয়ার আশ্বাস দেওয়া হলেও L&T-র কাজের গতি নিয়ে প্রশ্ন উঠছে। বাঁধ পুনর্নির্মাণের কোন সন্তুষ্টিজনক অগ্রগতি না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তারমধ্যে বিগত কিছুদিনের প্রবল বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি, ফলেই দোরগোড়ায় কড়া নাড়ছে বন্যা। এবছর বন্যা হলেই বাঁধটির আবারও ভাঙন নিশ্চিত। বিগত বছরের ভয়াবহ স্মৃতি উস্কে আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী। বাঁধ ও রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানিয়ে ইতিমধ্যেই কিছু সংগঠন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। এখন দেখার, প্রশাসন ও নির্মাণ সংস্থা কত দ্রুত এই বিপদ থেকে রেহাই দিতে পারে।

