সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- অত্যধিক নিন্মচাপের জেরে টানা বৃষ্টির ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টির ফলে মাঠে জল জমে গেছে, যার কারণে কৃষকদের ধান, পাট, শাকসবজি ইত্যাদি নানা ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমন মৌসুমের ধানের বীজতলা জলে ডুবে যাওয়ায় বীজের অঙ্কুরোদগম ব্যাহত হয়েছে। সময় মতো পরিচর্যা না হওয়ার ফলন কমার আশঙ্কা করছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এবারে বর্ষার প্রকোপ অনেক টাই বেশি। এর ফলে জমিতে জল জমে থাকছে।এই অবস্থায় যদি আবহাওয়া ও পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে মাঠেই নষ্ট হবে বীজতলা। আমতা ২ নম্বর ব্লক, উদয় নারায়ণ পুর ব্যাপক পরিমাণে ধান এবং সবজি চাষ হয় এই মরশুমে।অনেক কৃষক পুনরায় বীজ বপনের সুযোগ পাচ্ছে না, ফলে নতুন করে চাষ করাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে খাল-বিল, নদীনালা উপচে পড়েছে এবং নিম্নাঞ্চল পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে শুধুমাত্র ফসল নয়, গবাদি পশুর খাদ্য, কৃষি উপকরণ ও জমির উর্বরতাও হুমকির মুখে পড়েছে। কৃষকের একমাত্র অবলম্বন মাঠের ফসল ধ্বংস হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি সহায়তা প্রয়োজন, যেমন—বীজ, সার, আর্থিক অনুদান ও পরামর্শ। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসা উচিত। টেকসই কৃষি ব্যবস্থাপনা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।

