সুইতা পাল, হাওড়া:- গত কয়েক দিন ধরে একটানা ঝড়বৃষ্টি চলছেই। বৃষ্টির কারণে অতিরিক্ত গরমের অস্বস্তিবোধও কমেছে। বুধবারও দক্ষিণবঙ্গের আট জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগর থেকে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড,গুজরাত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা শ্রী গঙ্গানগর, চুরু, গ্বালিয়র, খাজুরাহো, ডালটনগঞ্জ, পুরুলিয়া,ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে তিনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণেই আপাতত দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে।
বুধবার বীরভূম , মুর্শিদাবাদ, হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি চলবে। ওই দিনও হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে বৃহস্পতিবারে কোনও সতর্কতা জারি করা হয়নি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। এবং কখনও কখনও দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।

