সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা,কলকাতা:জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা তীব্র হয়েছে। এমন অবস্থায় প্রতিবেশী দেশের বিরুদ্ধে নানা কৌশলগত ও কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। এরই মাঝে একাধিক জনপ্রিয় পাকিস্তানি সেলিব্রেটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে শাহিদ আফ্রিদি, মাওরা হোকানে, ইয়ুমনা জাইদি, হানিয়া আমির ও ফাওয়াদ খানের মতো তারকাদের ইনস্টাগ্রাম ও এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট ভারতীয় ব্যবহারকারীরা আর দেখতে পাচ্ছেন না।
যেসব ব্যবহারকারী ওই প্রোফাইলগুলো খুলতে চেষ্টা করছেন, তারা দেখতে পাচ্ছেন একটি বার্তা:
“এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। এর জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি আমরা।” খবর অনুযায়ী, মঙ্গলবার কিছু সময়ের জন্য এসব অ্যাকাউন্ট ভারতে খোলা ছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকেই ফের তা ব্লক হয়ে যায়। হঠাৎ এই পরিবর্তনে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এই বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে এই নিষেধাজ্ঞা স্থায়ী না সাময়িক — তা এখনও স্পষ্ট নয়।গত কয়েকদিন ধরেই এক্স (টুইটার)-এ ‘BanPakContent’ হ্যাশট্যাগে প্রচুর পোস্ট দেখা যাচ্ছে। অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পাকিস্তানি ও তাদের সেলিব্রেটিদের কনটেন্ট নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।ধারাবাহিক, গান, ইউটিউব ভিডিও কিংবা রিল — পাকিস্তান থেকে আসা বিভিন্ন অনলাইন কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ ঠেকাতে ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারি মহলের পক্ষ থেকে কোনো মন্তব্য না এলেও অনুমান করা হচ্ছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কারণে এই নিষেধাজ্ঞা এখনই তুলে নেওয়া হবে না।
দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন পুরনো, তবে সংস্কৃতি, বিনোদন ও মিডিয়ার মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে একধরনের সেতুবন্ধন তৈরি হয়েছিল। এখন সেই যোগাযোগও ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিশেষ করে ভারতীয় দর্শকদের মধ্যে যেসব মানুষ পাকিস্তানি নাটক, গান বা তারকাদের ফলো করতেন, তাদের জন্য এই ব্লক নতুন এক বাস্তবতা তৈরি করছে।

