সুরোজ ছড়ি, নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ কাশ্মীর ইস্যুতে তৃতীয়পক্ষ নয়, দিল্লির অবস্থান একদমই স্পষ্ট: বিক্রম মিশ্রি
১৮ জুন ২০২৫:কাশ্মীর বা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ ভারত কোনও দিন মেনে নেয়নি, আর ভবিষ্যতেও নেবে না — এ বার এই বার্তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে মোদী ফোন করেন ট্রাম্পকে। সেই সময়ই উঠে আসে কাশ্মীর ইস্যুতে তথাকথিত আমেরিকান মধ্যস্থতার প্রসঙ্গ। ফোনালাপে মোদী স্পষ্ট করে বলেন,
“ভারত কখনও কোনও রকম মধ্যস্থতা মেনে নেয়নি, এবং ভবিষ্যতেও মেনে নেবে না।”
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে চারদিনের সামরিক সংঘাতের সময় দুই দেশের সেনাবাহিনী নিজেরাই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়।
এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোনওভাবেই মধ্যস্থতা করেনি — মোদী এই বিষয়টি ট্রাম্পকে ফোনে সাফ জানিয়ে দেন।
জি-৭ সম্মেলনের ফাঁকে হওয়ার কথা ছিল দু’জনের সরাসরি বৈঠক। তবে ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই কানাডা থেকে ফিরে যাওয়ায় সেই বৈঠক আর হয়নি। এর পরেই মোদীকে ফোন করার অনুরোধ জানান ট্রাম্প, এবং মোদী ফোনে তাঁর সঙ্গে কথা বলেন — সময় প্রায় ৩৫ মিনিট।
ট্রাম্প এর আগে অন্তত এক ডজনবার দাবি করেছিলেন, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানকে সংঘাত থামাতে বাধ্য করেছিলেন তিনি, এমনকি বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন।
এই দাবির পাল্টা হিসেবে এতদিন ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য আধিকারিকেরা বারবার মুখ খুললেও, এবার প্রধানমন্ত্রীর সরাসরি অবস্থান স্পষ্ট করাটা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

