নিজস্ব সংবাদদাতা,আরএনবি: বলিউডের বাদশা, রোম্যান্সের কিং শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। রাত ঘড়ির কাঁটা ১২টা ছোঁতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে শুভেচ্ছার বন্যা। অনুরাগীদের আবেগে ভেসে গিয়েছে গোটা বলিউড। মুম্বই থেকে কলকাতা -সর্বত্রই আজ যেন উৎসবের আবহ।
প্রতিবছরের মতোই মান্নাতের বাইরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। কেউ হাতে ফুল, কেউ বা হাতে শাহরুখের পোস্টার, স্লোগানে মুখর -“কিং খান, কিং খান!” সকাল থেকেই বান্দ্রার রাস্তায় লাইন পড়ে গেছে হাজারো অনুরাগীর। এক ঝলক প্রিয় তারকাকে দেখতে মুখিয়ে সবাই।
এদিকে, বান্দ্রার বালগন্ধর্ব রঙমন্দিরে বিকেল ৪টেয় অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ ভক্ত-সম্মেলন। এই অনুষ্ঠান শুধুমাত্র নির্বাচিত ফ্যান ক্লাব সদস্যদের জন্য। সাধারণের বা সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই। রেড চিলিজ অফিস থেকেই সকালেই বিতরণ করা হয়েছে পাস, যাতে শৃঙ্খলা বজায় থাকে। জানা গেছে, যারা সবচেয়ে জোরে কিং খানের নাম চিৎকার করবে, তারা পাবেন সামনের সারির আসন!
মান্নাতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গেটের পাশের বারান্দা পরিষ্কার করা হচ্ছে।সেই বারান্দাই যেখানে প্রতিবছর শাহরুখ উঠে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। যদিও তাঁর বাড়ির ভেতরে এখন সংস্কারকাজ চলছে, তবুও ঐতিহ্য অনুযায়ী বাদশা আজ মান্নাতের ছাদ থেকেই শুভেচ্ছা জানাবেন অনুরাগীদের, এমনই আশা করছেন ভক্তরা।
একের পর এক হিট সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন।তার মধ্যে আছে “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায় এবং দিল সে-এর মতো দুর্দান্ত ছবিতে কাজ করেছেন। ১৯৯৮ সালে শাহরুখের “দিল সে” ছবির একটি গান সুপারহিট হয়েছিল।এই বয়সে এসেও তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখেননি।সম্প্রতি মেয়ে সুহানার সাথে তাঁকে দেখা যাবে একটি সিনেমায়।

