নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের সঙ্গে যে মহিলা ছিলেন তিনি হাওড়ার সাঁকরাইলের একটি পানশালার কর্মী। বেশ কিছুদিন ধরে টিনা দাম নামে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল জয়ন্তবাবুর। জানা গিয়েছে, বুধবার ঊর্ধ্বতন আধিকারিককে কিছু না জানিয়েই থানা ছেড়ে বেরোন তিনি। সঙ্গে নেন পুলিশের একটি গাড়ি। এর পর বিভিন্ন শপিং মলে ঘুরে বান্ধবীকে নানা জিনিস কিনে দেন তিনি। এতে মোট খরচ হয় ২৮ হাজার টাকা। এর পর গভীর রাতে এত টাকার জিনিস কেন কিনলেন এই নিয়ে বান্ধবীর সঙ্গে বচসা বাঁধে তাঁর। গাড়ির মধ্যেই জয়ন্তবাবুর ও টিনার হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই অসাবধানতায় জয়ন্তবাবুর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অভিযোগ। গুলি লাগে জয়ন্তবাবুর হাতে।
কী ভাবে একজন আইসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে থানা ছাড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ মহলেই। প্রশ্ন উঠছে, বাহিনীর শৃঙ্খলা নিয়ে। এমনকী কেন ব্যক্তিগত কাজে পুলিশের গাড়ি সঙ্গে নিয়ে জয়ন্তবাবু বেরোলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে হুগলি জেলা পুলিশ।

