পায়ের পাখিরা,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসছে ‘ধূমকেতু’! এক দশকের বেশি সময় পেরিয়ে গেল—দেব এবং শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। একসময় তাঁদের সম্পর্ক টলিউডে ছিল ওপেন সিক্রেট, কিন্তু সেই অধ্যায় অনেক আগেই শেষ। এরপরও ২০১৫ সালের অক্টোবরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তাঁরা শুরু করেন ‘ধূমকেতু’-র শ্যুটিং। প্রেমের ইতি ঘটার পরও ছবির গল্পের টানেই তাঁরা একসঙ্গে কাজ করতে রাজি হন।
তবে নানা কারণে ছবিটি মুক্তির মুখ দেখেনি এতদিন। শেষমেশ সব জটিলতা কাটিয়ে, ছবিটি মুক্তি পেতে চলেছে এই ১৪ আগস্ট। প্রশ্ন ছিল—ছবির প্রচারে কি একসঙ্গে দেখা মিলবে দেব-শুভশ্রীর? বহু জল্পনার অবসান ঘটিয়ে, নির্মাতারা সম্প্রতি প্রকাশ করেন একটি প্রোমোশনাল ভিডিও।
তবে সেই ভিডিওতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের—কখনও শুভশ্রীর মুখ, কখনও দেব। শুভশ্রীকে দেখা যায় কালো টপ ও জিন্সে, তিনি বলেন, “নমস্কার, আমি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।” পরক্ষণেই পর্দায় হাজির দেব, কালো টি-শার্ট ও নীল জিন্সে। তিনিও বলেন, “নমস্কার, আমি দেব।” এরপর দু’জনেই আলাদা আলাদা ভাবে জানান—“১২ বছর পর আবার আমরা একসঙ্গে,” “সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে, ধূমকেতু আসছে প্রেক্ষাগৃহে,” “এই ১৪ অগস্ট,” “আর অপেক্ষা নয়, দেখা হবে বড় পর্দায়।”
ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই অনুরাগীদের আবেগ যেন উথলে পড়ে। কেউ লিখেছেন, “দেবের প্রোফাইলে শুভশ্রী—এটাই তো আসল ধূমকেতু!” আবার কেউ বলছেন, “টলিউডের সেরা জুটি আবার ফিরছে।” কারও মন্তব্য, “একসঙ্গে প্রোমোশনে দেখতে চাই তোমাদের,” আবার কেউ লিখেছেন, “এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।” আর এক আবেগী ভক্ত লিখলেন, “হয়তো ছোটবেলাকে শেষবারের মতো দেখতে পাব আমরা—দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে বড়পর্দায়।”

