নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আমতা থানার এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে আবারও নজির গড়ল ‘অপারেশন প্রয়াস’। শুক্রবার এই বিশেষ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া ও খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা মহকুমার এসডিপিও নিরুপম ঘোষ, আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মফিজুল আলম, চন্দ্রপুর আউটপোস্টের ওসি সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। তাঁদের সক্রিয় সহযোগিতায় এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারে বহু হারানো ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আমতা থানার পক্ষ থেকে জানানো হয়, পুলিশ প্রশাসন শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, নাগরিকদের আস্থা ও নিরাপত্তা ফিরিয়ে দিতেও বদ্ধপরিকর। ‘অপারেশন প্রয়াস’ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিটি ফোন ফেরত পাওয়ার পেছনে রয়েছে পুলিশের নিষ্ঠা, তদন্ত দক্ষতা এবং জনসেবা-মনোভাব।
যাঁরা নিজেদের মূল্যবান ফোন ফিরে পেয়েছেন, তাঁরা সকলেই পুলিশের এই উদ্যোগে অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। ফোন ফেরত পেয়ে আবেগাপ্লুত এক প্রাপক বলেন, “ভাবিনি ফোনটা আর ফিরে পাব। পুলিশকে ধন্যবাদ জানাবার ভাষা নেই।”
এই কর্মসূচি থেকে স্পষ্ট, হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে ও জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে পুলিশ কীভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মন জয় করবে, এমনটাই আশা।
‘অপারেশন প্রয়াস’-এর মাধ্যমে শুধু ফোনই নয়, ফিরেছে মানুষের আস্থা, নিরাপত্তা ও পুলিশের প্রতি বিশ্বাস।

