নিজস্ব সংবাদদাতা, আরএনবি: গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল হাওড়ার জগতবল্লভপুরের ইচ্ছানগরী এলাকার দুই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় বারোটার সময় জগতবল্লভপুর দিক থেকে একটি দুধবোঝাই গাড়ি ডোমজুড়ের দিকে যাচ্ছিল। একই সময়ে অপর দিক থেকে দ্রুতগতিতে বাইক করে ফিরছিল ওই দুই যুবক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সরাসরি দুধের গাড়ির সামনে এসে পড়লে ঘটে ভয়ঙ্কর সংঘর্ষ।
ধাক্কার জেরে বাইক ও দুধের গাড়ি দু’টিই রাস্তার পাশে নয়াজলে গিয়ে উল্টে পড়ে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে দুই যুবক ঘটনাস্থলেই গুরুতর জখম হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তড়িঘড়ি করে তাদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, মৃত দুই যুবকের বাড়ি জগতবল্লভপুরের ইচ্ছানগর এলাকায়। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক দুধের গাড়িটিকেও পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
এদিকে, ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি, রাস্তার অন্ধকার, নাকি অন্য কোনো ত্রুটি সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের পাশাপাশি দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

