সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা:আজ কামারপুকুরের রামকৃষ্ণ মঠে এক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ভাষা ও বাঙালি জাতিসত্তার প্রসঙ্গ তুলে ধরলেন।
তিনি বলেন,”স্বামী বিবেকানন্দ তো বাংলায়ই কথা বলতেন। আমাদের গর্বের ভাষা বাংলা। এই ভাষাকেই মর্যাদা দিতে হবে।”মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি ভাষা এবং সংস্কৃতি ইস্যুতে রাজ্য রাজনীতিতে উত্তাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর বার্তা একদিকে যেমন বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরছে, অন্যদিকে ঐক্যের আহ্বান হিসেবেও দেখা হচ্ছে।তিনি আরও বলেন,”বাংলা সকলের। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সব ধর্ম, সব ভাষাভাষীর মানুষ এখানে শান্তিতে থাকেন। এটাই আমাদের ঐতিহ্য। বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না।
“অনুষ্ঠানে স্বামীজি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের দেখানো পথেই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে ভালোবাসা, সহিষ্ণুতা এবং মানবতার আদর্শে।এই বক্তব্য শুধু ভাষা নয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিরও প্রতিক্রিয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলার সংস্কৃতি, ভাষা ও ঐক্য নিয়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যের রাজনৈতিক আবহে বিশেষ তাৎপর্য বহন করছে।

