নিজস্ব সংবাদদাতা ,আরএনবি: রাজ্যের রাজনীতিতে ফের একবার শোরগোল তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি জনসভা থেকে প্রকাশ্যে জানিয়ে দিলেন, সিপিএমকে ভোট দিয়ে কোনও লাভ নেই। তাঁর দাবি, আগামী নির্বাচনে প্রকৃত লড়াই হবে শুধুই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে। তাই মানুষকে তিনি সরাসরি আহ্বান জানালেন – “সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, লড়াই হচ্ছে আমাদের আর তৃণমূলের মধ্যে।”
শুভেন্দুর কটাক্ষে বাম শিবিরে অস্বস্তি,বামফ্রন্টকে কার্যত অপ্রাসঙ্গিক আখ্যা দিয়ে শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি চান বিরোধী ভোট একজোট হয়ে বিজেপির ঝুলিতে আসুক। সিপিএমকে আক্রমণ করে তিনি বলেন, “যাদের আসন নেই, মাঠে নামার শক্তি নেই, তাদের ভোট দিলে শুধু তৃণমূলেরই সুবিধা হবে।”
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কাটমানি থেকে শুরু করে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “তৃণমূলকে হারানোই এখন একমাত্র লক্ষ্য। বিজেপিই একমাত্র বিকল্প শক্তি।”
প্রতিক্রিয়া রাজনৈতিক মহলেশুভেন্দুর বক্তব্যে সিপিএম নেতৃত্ব কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তাঁদের অভিযোগ, বিজেপি ও তৃণমূল আসলে একে অপরের পরিপূরক, মানুষকে বিভ্রান্ত করার জন্যই এমন বক্তব্য রাখা হচ্ছে। অন্যদিকে, তৃণমূল নেতারা কটাক্ষ করে বলেছেন, “শুভেন্দুর এই মন্তব্যই প্রমাণ করছে বিজেপি ক্রমশ দুর্বল হচ্ছে, তাই সিপিএমকে বাদ দিয়ে মানুষকে ভুল পথে চালিত করতে চাইছে।”
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শুভেন্দুর এই স্পষ্ট বার্তা রাজ্যে ত্রিমুখী লড়াইয়ের ছবি বদলে দিচ্ছে। এখন প্রশ্ন, ভোটাররা কি সত্যিই সিপিএমকে বাদ দিয়ে দুই শিবিরের যুদ্ধে মন দেবেন, নাকি লড়াই আবারও বহুমুখী রূপ নেবে।

