নিজস্ব সংবাদদাতা,আরএনবি:
সাত সকালে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডে তছনছ হয়ে গেল কলকাতার এজরা স্ট্রিট।এলাকার একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।মুহূর্তের মধ্যেই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও আবাসিক এলাকায়।
ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।আতঙ্কে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছায় দমকলের প্রথমে ছ’টি ইঞ্জিন।পরে আগুনের ভয়াবহতা বুঝে মোট কুড়িটি দমকল ইঞ্জিন নামানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
দমকল আধিকারিকদের দাবি, আগুন এতটাই তীব্র যে জলের তৎপরতাও যথেষ্ট ফল দিচ্ছে না। উচ্চ তাপমাত্রার কারণে দোকান ছাড়াও আশেপাশের একাধিক বাড়ি ভস্মীভূত হচ্ছে বলে জানা গিয়েছে।আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।তবে হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ,এলাকায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।সেই কারনে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।কতক্ষনে আগুন নিয়ন্ত্রণে আসবে সেই অপেক্ষায় এলাকাবাসী।

