নিজস্ব সংবাদদাতা,আরএনবি:
জাতীয় সঙ্গীতের আগে ‘বন্দে মাতরম’ পরিবেশন বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।নতুন নির্দেশ অনুযায়ী,দেশের সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে ‘বন্দে মাতরম’ বাজাতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘বন্দে মাতরম’-এর মোট ছ’টি স্তবক পরিবেশন করতে হবে এবং সম্পূর্ণ পরিবেশনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ মিনিট ১০ সেকেন্ড।কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে,‘বন্দে মাতরম’ বাজানোর সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে।রাষ্ট্রপতি ও রাজ্যপালের উপস্থিতিতে আয়োজিত যে কোনও সরকারি অনুষ্ঠানেও এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে। নির্দেশিকায় এমনটাই উল্লেখ করা আছে।ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য,‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও গানটি পরিবেশন করা হয়েছিল।কেন্দ্রের মতে,সরকারি অনুষ্ঠানগুলিতে জাতীয় মর্যাদা ও দেশাত্মবোধের আবহ আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই নির্দেশিকাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা ও তরজা।বিভিন্ন মহলের মতে,জাতীয় সঙ্গীতের মতো‘বন্দে মাতরম’-ও যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পরিবেশন করা উচিত।নতুন এই নির্দেশ কার্যকর হলে সরকারি অনুষ্ঠানের কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বলে প্রশাসনিক মহলের ধারণা।

