পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- বনমহোৎসবের প্রেক্ষাপটে রাজ্যে ছড়িয়ে পড়ল এক অনন্য বার্তা — সবুজ রক্ষার ডাক। আর সেই বার্তা ছড়িয়ে দিতে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কথাই নয়, গানের সুরও তাঁরই সৃষ্টি।
এই বিশেষ গানটি নিজের এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী নিজে। গানের কণ্ঠে রয়েছেন খ্যাতনামা শিল্পী রূপঙ্কর বাগচী। সবুজ রক্ষার এই গান ইতিমধ্যেই মন ছুঁয়ে যাচ্ছে নেটিজেনদের।
গানে শোনা যাচ্ছে এমন কিছু পঙক্তি –
“সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।
সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে দিও না।
ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়।”
এর পাশাপাশি গানের পরবর্তী লাইনগুলিতে রয়েছে –
“নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে,
মুক্তি চলেছে শান্তির বন্ধনে, সবুজ চলেছে যুগের আহ্বানে।”
ভিডিয়োটিতে ধরা পড়েছে রাজ্যের নানা প্রান্তে বৃক্ষরোপণের দৃশ্য, পশু-পাখির মনকাড়া চিত্র এবং মুখ্যমন্ত্রীর দিঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে গাছ লাগানোর মুহূর্ত।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে লেখেন,
“সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও। সকলকে জানাই বনমহোৎসবের আন্তরিক শুভেচ্ছা।”
ভিডিয়োর একটি অংশে লেখা রয়েছে –
“সৃষ্টিকে ধ্বংস করে, প্রাণ সবুজকে মেরো না, সবুজের সবুজদ্বীপ জীবনে বাঁচার প্রেরণা।”
উল্লেখ্য, এই প্রথম নয়। আগেও নানা সামাজিক ও সাংস্কৃতিক উপলক্ষে গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ও তাঁর লেখা গানই বেজেছিল জুড়ে। এবার সবুজের সুরে বোনা তাঁর গান শ্রোতাদের মনে আবারও ছাপ ফেলল, রূপঙ্করের কণ্ঠে প্রাণ পেল সেই বার্তা।

